দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ডাকাত নিহত হয়েছে। এতে গৃহকর্তা ও তার ছেলে আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাত সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল রাতে উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে ডাকাত দলের এক সদস্য ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম দুলাল (প্রাথমিক পরিচয়), তিনি বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কলেজ শিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুর (৫১) এবং তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯) গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর একজন ডাকাতকে মৃত ঘোষণা করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএস/